অনন্তকাল তোমার পথের দিকে
তাকিয়ে ছিল একলা নীরব ঘর
তোমার নামের রং হলো না ফিকে
আওয়াজ দিলেও আরো অনেক স্বর
তুমি তখন পূর্ণ দুচোখ মেলে
তুমি কখন তাকিয়েছিলে একা
আকাশ তবু অবাধ্য মন ঠেলে
আড়াল দিয়েই তোমার সাথে দেখা...
দেখা এবং অদেখা দুই চোখ
খোলা কিম্বা বোজার সুযোগ খুঁজি
না দেখাতেই দুচোখ মেলে কেন?
দেখার কথায় আবার দুচোখ বুজি!
দুরের আকাশ এখনো হাত মেলে
কুডাক পাঠায় উড়ান দেওয়ার শখে
সাধের ডানায় ব্যথার আগুন ঢেলে
মন বসলাম একলা ঘরের ছকে...
শুধুই কি মন, ওড়ার ডানার চাবি
হারিয়ে গেছে যাবজ্জীবন করা
মৃত্যুটুকুই এড়িয়ে যাবার দাবি
জীবনটাকেও করেছি হাতছাড়া
অতঃপর এই চুপকথাদের ঘর
অতঃপর এই অলস দুপুরবেলা
অতঃপর এই জিয়ন্ত লাশ সেজে
যতনমাখা নিজের অবহেলা!!
No comments:
Post a Comment