Wednesday, June 01, 2011

চিরায়মানা

যেমন আছ তেমনি এসো ,      আর কোরো না সাজ ।             বেণী নাহয় এলিয়ে রবে ,             সিঁথে নাহয় বাঁকা হবে ,             নাই বা হল পত্রলেখায়                  সকল কারুকাজ ।             কাঁচল যদি শিথিল থাকে                  নাইকো তাহে লাজ ।                          যেমন আছ তেমনি এসো ,                              আর কোরো না সাজ ।   এসো দ্রুত চরণ দুটি      তৃণের ' পরে ফেলে ।             ভয় কোরো না , অলক্তরাগ             মোছে যদি মুছিয়া যাক—             নূপুর যদি খুলে পড়ে                  নাহয় রেখে এলে ।              খেদ কোরো না মালা হতে                  মুক্তা খ'সে গেলে ।                         এসো দ্রুত চরণ দুটি                              তৃণের ' পরে ফেলে ।   হেরো গো , ওই আঁধার হল ,      আকাশ ঢাকে মেঘে ।             ও পার হতে দলে দলে             বকের শ্রেণী উড়ে চলে ,             থেকে থেকে শূন্য মাঠে                  বাতাস ওঠে জেগে ।             ওই রে গ্রামের গোষ্ঠ - মুখে                  ধেনুরা ধায় বেগে ।                         হেরো গো , ওই আঁধার হল ,                               আকাশ ঢাকে মেঘে ।   প্রদীপখানি নিবে যাবে ,      মিথ্যা কেন জ্বাল ?             কে দেখতে পায় চোখের কাছে             কাজল আছে কি না আছে ?             তরল তব সজল দিঠি                  মেঘের চেয়ে কালো ।             আঁখির পাতা যেমন আছে                  এমনি থাকা ভালো ।                         কাজল দিতে প্রদীপখানি                              মিথ্যা কেন জ্বাল ?   এসো হেসে সহজ বেশে      আর কোরো না সাজ ।             গাঁথা যদি না হয় মালা             ক্ষতি তাহে নাই গো বালা ,             ভূষণ যদি না হয় সারা                  ভূষণে নাই কাজ ।             মেঘে মগন পূর্ব - গগন                  বেলা নাই রে আজ—                         এসো হেসে সহজ বেশে ,                         নাই বা হল সাজ । 

No comments: